
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্ট করেছেন যে, যুক্তরাষ্ট্রের হামলার জন্য তেহরান আর নিষ্ক্রিয় হয়ে বসে থাকবে না। রোববার রাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের জন্য প্রয়োজনীয় যেকোনো পাল্টা ব্যবস্থা আগেভাগেই গ্রহণের প্রস্তুতি তাদের রয়েছে। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, কূটনৈতিক আলোচনার আড়ালে আসলে নতুন করে সামরিক অভিযানের জন্য সময় নিচ্ছে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার বিষয়েও সতর্ক করেছেন গারিবাবাদি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। এতে সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন এলাকায় মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটি। এ ধরনের পরিস্থিতি কূটনৈতিক প্রক্রিয়াকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যুদ্ধের স্থায়ী অবসান এবং ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের কোনোভাবেই পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে দেবে না ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)। এই নিশ্চয়তার দায়িত্ব যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে তিনি মত দেন।
মার্কিন প্রশাসনের ওপর আস্থার সংকট নিয়ে গারিবাবাদি বলেন, গত দেড় বছরে ওয়াশিংটন অন্তত তিনবার তাদের প্রতিশ্রুতির প্রতি অবিশ্বস্ততার পরিচয় দিয়েছে। ফলে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে আগের মতো বিশ্বাস করা যাচ্ছে না বলেও জানান তিনি।