
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জন্য হাত গুটিয়ে বসে থাকবে না তেহরান। পরিস্থিতির প্রয়োজনে ইরান আগাম ব্যবস্থা নিতে প্রস্তুত বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে তিনি এ কথা বলেন। এ নিয়ে ইরানের সংবাদ সংস্থা ফার্স একটি ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। রোববার (১৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যের একটি ভিডিও দেশটির সংবাদ সংস্থা ফার্স প্রকাশ করেছে।
কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র সময়ক্ষেপণ করছে এবং নতুন করে হামলার ক্ষেত্র প্রস্তুত করছে বলে অভিযোগ করেন ঘারিবাবাদি। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কিউবা নয় যে দেশটিকে সহজেই অবরুদ্ধ করা সম্ভব, আবার ভেনেজুয়েলার মতো এখানে চাপ সৃষ্টি করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। এখন পর্যন্ত আকাশ কিংবা স্থলপথে কোনো অবরোধ বা চাপে যুক্তরাষ্ট্র সফল হতে পারেনি বলেও দাবি তার।
চলমান এই উত্তেজনাকর পরিস্থিতিতে সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে ইরান। ঘারিবাবাদি জানান, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বর্তমানে নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। তার এই সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ক্রমবর্ধমান অস্থিরতায় তেহরানের আপসহীন অবস্থানেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।