
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার রাতে দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৯টার দিকে ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে সজোরে আঘাত করে। ঘটনার সময় কোপা এয়ারলাইন্সের ওই বিমানে ১৬৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। এর মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় দেশটির বিমানবন্দরগুলোতে ব্যাপক বিশৃঙ্খলা ও যাত্রী ভোগান্তি তৈরি হয়েছিল।
কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় দুজন আহত হয়েছেন। বিমানবন্দর প্যারামেডিকদের সহায়তায় তাদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া বিমানে থাকা অন্য সব যাত্রী ও ক্রুরা অক্ষত ও সুস্থ আছেন। পানামাভিত্তিক এই বিমান সংস্থাটি আরও জানায়, বিমানটি বর্তমানে টার্মিনালে রয়েছে এবং সব যাত্রী নিরাপদে নেমে গেছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার সুষ্ঠু তদন্তে তারা সংশ্লিষ্টদের পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছে।