
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে আগামী সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও তিনি জানান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারিভাবে মালয়েশিয়াগামী একজন কর্মীর অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৪ হাজার টাকা। সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ থেকে এই খরচ সর্বোচ্চ ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত হওয়ার কথা বলা হলেও, নির্ধারিত সীমার মধ্যে খরচ সীমাবদ্ধ থাকলে কর্মীদের ভোগান্তি অনেকাংশে কমত বলে তিনি মন্তব্য করেন।
সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা হাতে নিয়েছে একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এই বিশেষ উদ্যোগের আওতায় ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১১২ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল। সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় কার্যকর করা এবং বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগগুলো বাস্তবায়ন হলে মালয়েশিয়াগামী কর্মীদের দীর্ঘদিনের আর্থিক চাপ ও ভোগান্তি লাঘব হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।