
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে মহাদুর্নীতির অভিযোগে জেলা প্রশাসনের শীর্ষ থেকে মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা ফেঁসে যাচ্ছেন। ভূমি মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এসব কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির অকাট্য তথ্যপ্রমাণ পেয়েছে। এর আগে এই দুর্নীতির বিষয়ে চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে ৩০ এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি জেলা প্রশাসনের প্রায় ৮ হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র পর্যালোচনা, সরেজমিন পরিদর্শন এবং সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে ৭০ পৃষ্ঠার একটি প্রতিবেদন প্রস্তুত করে, যা গত ১৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এ দুর্নীতির বিষয়ে ২০২৫ সালের ১৯ ও ২১ অক্টোবর, ১৮ ডিসেম্বর এবং গত ২৬ এপ্রিল চারটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। তদন্তের প্রতিটি ধাপে প্রকাশিত তথ্যপ্রমাণ সামনে আনা হয়, যার প্রমাণও পান তদন্ত কর্মকর্তারা।
তদন্ত প্রতিবেদনে ২০১৮ সাল থেকে ২০২৫ সালের মধ্যে দায়িত্বে থাকা চার সাবেক জেলা প্রশাসকের (ডিসি) বিরুদ্ধে ভূমি অধিগ্রহণে অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এই চার কর্মকর্তা হলেন—সৈয়দা ফারহানা কাউনাইন (১১ মার্চ ২০১৮ থেকে ২১ জুন ২০২১), আবু নইম মোহাম্মদ নাঈম মারুফ খান (২২ জুন ২০২১ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৩), ড. বদিউল আলম (১০ সেপ্টেম্বর ২০২৩ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৪) এবং মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী (১২ সেপ্টেম্বর ২০২৪ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৫)।
বর্তমান সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত এই চার সাবেক ডিসির ব্যক্তিগত দায় নির্ধারণ করে অধিকতর তদন্তের সুপারিশ করেছে কমিটি। তাদের দায়িত্বকালে অধিগ্রহণের নোটিশ, জমির শ্রেণি নির্ধারণ, ফিল্ডবুক প্রস্তুত ও ক্ষতিপূরণ প্রদানসহ প্রতিটি প্রক্রিয়ায় বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ মিলেছে।
তদন্ত কমিটি ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত নরসিংদীতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালনকারী ছয় কর্মকর্তার বিরুদ্ধেও অনিয়মের সত্যতা পেয়েছে। এই ছয় কর্মকর্তা হলেন—মোহাম্মদ মাসুম, এএসএম ইবনুল হাসান ইভান, মো. মোস্তফা মনোয়ার, মো. মুশফিকুর রহমান, অঞ্জন দাশ ও মোহাম্মদ নাজমুল হাসান। প্রতিবেদনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া সাবেক এডিসি শাহিনা পারভীন ও ফারুক আহমেদের ভূমিকার বিষয়ে নিশ্চিত হতে না পারায় অধিকতর তদন্তের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অঞ্জন দাশের বিরুদ্ধে উৎকোচ দেওয়ার চেষ্টার বিষয়টি অডিও রেকর্ড ও তথ্য পর্যালোচনায় প্রমাণিত হয়েছে, যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ পাঠানোর সুপারিশ করা হয়েছে।
একইভাবে ২০১৮ থেকে ২০২৫ সালের মধ্যে কর্মরত ১৭ জন ভূমি অধিগ্রহণ কর্মকর্তার মধ্যে আটজনের দায়িত্বকালে ব্যাপক অনিয়ম ও ত্রুটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত এই আট কর্মকর্তা হলেন—মো. পারভেজ মৃধা, শ্যামল চন্দ্র সাহা, মাশফিকা হোসেন, রেহানা মজুমদার মুক্তি, চৌধুরী মোস্তাফিজুর রহমান, মাহমুদা জাহান, এএইচএম আজিমুল হক ও আসমাউল হুসনা পিংকি। প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, তাদের সময়কালে ভূমি অধিগ্রহণের বিভিন্ন কার্যক্রমে মারাত্মক ত্রুটিবিচ্যুতি ও অনিয়ম ঘটেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বকাল ও এলএ কেসগুলো যাচাই করে তাদের দায় নির্ধারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তদন্ত কমিটি। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ভূমি অধিগ্রহণের বিভিন্ন পর্যায়ে অনিয়ম, ত্রুটিপূর্ণ নথি, ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রশাসনিক তদারকিতে ঘাটতি ছিল।