
লেবাননের রাজধানী বৈরুতের তারিক আল-জাদিদে এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্ধার হওয়া এই ঘটনার পর থেকে লেবাননের নিরাপত্তা কর্তৃপক্ষ এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে। দেশটির প্রধান কৌঁসুলি আহমেদ রামি আল-হাজ্জ নিজে এই তদন্ত প্রক্রিয়াটি তদারক করছেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর তথ্য শাখা বিষয়টি খতিয়ে দেখছে। তবে কীভাবে আল–আলওয়ানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।
প্রাথমিক তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, আল-আলওয়ানিকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত এক লেবানিজ নাগরিককে আটক করা হয়েছে। এছাড়া বৈরুতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে তাকে হোটেলে নিয়ে যাওয়া দুইজন সিরীয় নাগরিক পলাতক রয়েছেন, যাদের খুঁজে বের করার জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লেবাননের একটি বিচার বিভাগীয় সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আল–আলওয়ানিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ছাড়া পলাতক দুই সিরীয় সন্দেহভাজনকে খুঁজছে কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-আলওয়ানির কার্যালয় তাঁর মৃত্যুকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ অপরাধ’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে শোক প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলা হয়েছে, এই অপরাধের সঙ্গে জড়িত কাউকেই বিচারের বাইরে রাখা যাবে না। ইরাকি দূতাবাস বর্তমানে ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেদা আল-হুসেইনি। এতে বলা হয়েছে, শুধু শোক ও নিন্দা জানিয়ে ঘটনাটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কারা হত্যার পরিকল্পনা করেছে, কারা তা বাস্তবায়ন করেছে এবং আর কারা জড়িত ছিল, স্বচ্ছ তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। এ ঘটনায় জড়িত কেউই বিচারের বাইরে থাকতে পারবেন না।
উল্লেখ্য, আল-আলওয়ানি ইরাকের পার্লামেন্টে আনবার প্রদেশের প্রতিনিধিত্ব করতেন। তিনি সুন্নি রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন এবং ২০১২-২০১৩ সালে নুরি আল-মালিকির নেতৃত্বাধীন শিয়াপ্রধান সরকারের কঠোর সমালোচক ছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই সরকার সাম্প্রদায়িক নীতি অনুসরণ করে সুন্নিদের কোণঠাসা করে রেখেছে। এছাড়াও ইরান ও ইরান-সমর্থিত শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তিনি বরাবরই সোচ্চার ছিলেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি আল-আলওয়ানির ব্যক্তিজীবনেও বড় ধরনের সংকট ছিল। ২০১৩ সালের ডিসেম্বরে রামাদিতে নিরাপত্তা বাহিনীর অভিযানে তাঁর ভাইসহ বেশ কয়েকজন নিহত হয়েছিলেন এবং সে সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালে সন্ত্রাসবাদের অভিযোগে আদালত তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করে। তবে এক দশকেরও বেশি সময় কারাভোগের পর ২০২৫ সালের এপ্রিলে ইরাকের সাধারণ ক্ষমা আইনের আওতায় তিনি কারামুক্তি পান।