
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। মূলত মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে স্বস্তি ফিরে আসায় বাজারে সরবরাহ বাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির কারণে তেলের দামে নতুন করে নিম্নমুখী চাপ সৃষ্টি হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৩৩ ডলারে। এর আগের সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ হ্রাস পেয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে বিশ্বজুড়ে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হবে, যা চাহিদার তুলনায় ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি এই সময়ে বড় ধরনের সরবরাহ ঘাটতির আশঙ্কা করেছিল। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা বাজারে সরবরাহ ঘাটতির পরিবর্তে অতিরিক্ত তেলের সম্ভাবনা নিয়ে ভাবছেন, যা বাজারের সামগ্রিক দৃষ্টিভঙ্গি বদলে দিচ্ছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা।
এদিকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোন্স অ্যাক্টের ওপর দেওয়া ছাড়ের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছেন।
এই আইনের আওতায় যুক্তরাষ্ট্রের বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহনে মার্কিন পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা থাকে। এই বিশেষ ছাড়ের ফলে এখন বিদেশি পতাকাবাহী জাহাজগুলোও মার্কিন বন্দরগুলোর মধ্যে তেল, পেট্রল ও ডিজেল পরিবহনের সুযোগ পাবে। যদিও ইরান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার রাতে হরমুজ প্রণালির পূর্বদিকে একটি নৌমাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলে নৌচলাচলের ঝুঁকি এখনো জিইয়ে রেখেছে। একইসঙ্গে ট্যাংকারের স্বল্পতা ও পরিবহন খরচ এখনো ব্যবসায়ীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি এবং তেল পরিবহণে ব্যবহৃত ট্যাংকারের স্বল্পতার কারণে পরিবহণ ব্যয় এখনো বেশি রয়েছে।