
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত প্রথম আন্তঃস্কুল সংসদীয় জাতীয় টেলিভিশন বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এ সেরার মুকুট জিতেছে নেত্রকোনার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। সোমবার অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ফরিদপুর জেলা স্কুলকে পরাজিত করে শ্রেষ্ঠত্বের এই গৌরব অর্জন করে বিদ্যালয়টির বিতার্কিক দল।
এবারের বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ বাংলাদেশের সব সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বিলুপ্ত করবে’। বিপক্ষ দলে অংশ নেওয়া পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সুচিন্তিত যুক্তি, সঠিক তথ্য-উপাত্ত এবং সাবলীল উপস্থাপনার মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে চূড়ান্ত জয় নিশ্চিত করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী আট সদস্যের প্রতিনিধি দলে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী সাদিকা জামান, মারুফা সুলতানা মৌ, নবম শ্রেণির সিদরাতুল সাউদা, সাদিয়া আক্তার মুমু এবং অষ্টম শ্রেণির ফাবিহা রাইসা তালুকদার, সাবিহা কাদের সারা, তালাত তালহা ও মরিয়ম আক্তার। এমন সাফল্যে উচ্ছ্বসিত অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাবিহা রাইসা তালুকদার বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই আনন্দিত। এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং শিক্ষকদের নিয়মিত দিকনির্দেশনার ফসল। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম ধরে রাখতে আমরা বিতর্কের মতো সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে চাই।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন শিক্ষার্থীদের এমন কৃতিত্বে গর্ব প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয় ও আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তাদের কঠোর পরিশ্রম, যুক্তিনির্ভর মেধা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় এই সফলতা এসেছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণে আমরা আরও বেশি উৎসাহিত করব।
জাতীয় পর্যায়ের এই বিজয়ের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে একে পূর্বধলার শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবময় মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।