
ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা বাহরাইনের আল-রাফা ও আওয়ালি বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে। তবে বাহরাইন কর্তৃপক্ষের ভাষ্যমতে, ইরানের এ হামলায় তাদের একটি বেসামরিক শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানী মানামার নিকটবর্তী ওই শিল্পকারখানায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাহরাইন সরকার এবং তারা দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এই উত্তেজনাকর পরিস্থিতিতে জর্ডানও বাহরাইনের ওপর চালানো এই হামলাকে তাদের সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাহরাইনের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার সুরক্ষায় যেকোনো পদক্ষেপে পূর্ণ সমর্থন প্রদান করবে। জর্ডানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রায় প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা একটি ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’র ঘটনা। এতে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে দেশটির কর্মকর্তারা নতুন করে ‘সম্ভাব্য হুমকি’র সতর্কতা জারি করেছেন। পাশাপাশি নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং জনগণের সুরক্ষায় বাহরাইন যেসব পদক্ষেপ নেবে, সেগুলোর প্রতি সমর্থন জানিয়েছে আম্মান।
একই সময়ে ইরানের আইআরজিসি হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপার এবং এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। এ সংকটের মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের নির্দিষ্ট কিছু দাবি পূরণ করা হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া সম্ভব। তবে তিনি ইরানের ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে স্থানান্তরের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। ওদিকে সৌদি আরবের মক্কা প্রদেশে বিপদ সংকেত জারির কয়েক মুহূর্তের মধ্যেই তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে, মক্কার জন্য কোনো ধরণের হুমকি নেই। তিনি আরও বলেন, আশা করি একটি সমঝোতা সফল হবে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সৌদি আরবে হামলা অব্যাহত থাকার মধ্যেই এ বক্তব্য এলো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বর্তমানে ইরানের প্রাণনাশের হুমকির মুখে যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। যদিও গত ১০ নভেম্বর নিউ ইয়র্ক টাইমস প্রথম বিষয়টি প্রকাশ করে, তবে নিরাপত্তা ও গোপনীয়তার কারণে তাকে কোথায় সরিয়ে নেয়া হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল তার বাসভবনের আকাশ থেকে তোলা ছবি প্রকাশ করার পর ধারণা করা হচ্ছে যে, ইরান তার অবস্থানের তথ্য পেয়েছিল। উল্লেখ্য, বেসেন্ট ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের মার্কিন প্রচারণার নেতৃত্ব দিচ্ছেন, যার অন্যতম উদ্দেশ্য হলো হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা।
ইরান ও পশ্চিমা দেশগুলোর এই সংঘাত বৈশ্বিক অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলছে বলে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। টিজিআরটি হাবেরকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক বাজারের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এর অর্থনৈতিক বোঝা বিভিন্ন দেশের জন্য অসহনীয় হয়ে উঠছে। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। ফিদান আরও উল্লেখ করেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কাঠামোর মধ্যে সমাধান করা সম্ভব। তবে অন্যান্য আঞ্চলিক সমস্যার ক্ষেত্রে বাইরের শক্তির হস্তক্ষেপের চেয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নিজেদের মধ্যে সরাসরি আলোচনার ওপর তিনি জোর দিয়েছেন। তিনি জানান, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।