বালিয়া বাজারের ব্যবসায়ীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জানমালের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া গট্টি বাজারে সাধারণ ব্যবসায়ীদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ
সোমবার সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত বালিয়া গট্টি বাজারে সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বাজারের ফার্মেসি ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক বেলায়েত হোসেন (আলেক)।
এ সময় পল্লী চিকিৎসক মিলন মিয়া, মুদি দোকান ব্যবসায়ী মো. নান্নু, মাহফুজসহ বালিয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটলে তার প্রভাব বাজারের সাধারণ ব্যবসায়ীদের ওপর পড়ে। সংঘর্ষের সময় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং অনেকের পক্ষে স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। অনেক ব্যবসায়ী ধারদেনা ও ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন বলেও তারা উল্লেখ করেন।
বক্তারা প্রশাসনের কাছে ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের নামে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলকভাবে কাউকে গ্রেফতার না করার আহ্বান জানান। এছাড়া সম্প্রতি সালথা থানা পুলিশের গ্রেফতার করা পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল খালেক মাতুব্বরের মুক্তির দাবিও জানানো হয়।
ব্যবসায়ীরা বাজারে স্বাভাবিক ব্যবসায়িক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।