
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জন। বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় জড়িতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গভীর রাতে ওই এলাকায় রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে নাশকতা চালানোর চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে ওই দুজনকে হাতেনাতে আটক করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। পরে তাদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে। এ সময় আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃতরা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করেছেন তিনি।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।