ফরিদপুরের ভাঙ্গায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা
জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মুন্সিকান্দা গ্রামে স্বপন তালুকদার (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল
মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিট থেকে ৬টার মধ্যে যে কোনো সময়ে এ ঘটনা ঘটে। নিহত স্বপন তালুকদার মুন্সিকান্দা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে।
জানা যায়, ঘটনার কিছুক্ষণ আগে স্বপন তালুকদারের সঙ্গে তার স্ত্রী হেপি আক্তার (২৭)-এর পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।
পরে তিনি নিজ বসতঘরের উত্তর পাশের একটি কক্ষে চলে যান। সন্ধ্যা ৬ টার দিকে ইফতারের জন্য ডাকতে গিয়ে তার স্ত্রী দরজা বন্ধ দেখতে পান। একপর্যায়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে সাদা নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভাঙ্গা থানা এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।