
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই সহিংস ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
হামলাকারীরা ঘটনার সময় মহাসড়কে তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে যান চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এছাড়া তারা হামিরদী ইউনিয়ন বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর করে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আসার আগেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিরুল ইসলাম জানান, রাজু মোল্লাকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাজুর চাচা লিয়াকত মোল্লা অভিযোগ করেছেন, তার ভাতিজাকে আওয়ামী লীগের লোকজনই পরিকল্পিতভাবে হত্যা করেছে।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে, এ ঘটনার পর থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।