
বিসিএসসহ সরকারি চাকরির সব নিয়োগ পরীক্ষাকে প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও যেকোনো ধরনের ডিজিটাল জালিয়াতির হাত থেকে মুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। লক্ষ লক্ষ চাকরিপ্রত্যাশী তরুণের স্বপ্ন রক্ষায় প্রশ্ন প্রণয়ন, মুদ্রণ ও সংরক্ষণের পুরো প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আনা হয়েছে। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ও পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি এসব পদক্ষেপের বিস্তারিত তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস কিংবা আর্মি প্রিন্টিং প্রেসে ছাপানো হতো, কিন্তু এখন তা পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হচ্ছে। প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীরা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসের ভেতরেই অবস্থান করেন। এ সময় তাদের কাছে কোনো ধরনের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না এবং পুরো প্রক্রিয়াটি পিএসসি চেয়ারম্যান নিজে সার্বক্ষণিক মনিটরিং করেন।
সুরক্ষা নিশ্চিত করতে বিসিএস পরীক্ষার ভল্টরুম আধুনিকায়ন করা হয়েছে। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট বিজ্ঞ সদস্য ও মনোনীত কর্মকর্তারা ফেসলক প্রযুক্তির মাধ্যমে ভল্টরুমে প্রবেশ করতে পারছেন। ভল্টরুমে সবসময় চারজন পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করেন এবং সাধারণের প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ রাখা হয়েছে। এছাড়া আগে প্রশ্নকর্তারা বাসা থেকে প্রশ্ন তৈরির সুযোগ পেলেও এখন তাদের পিএসসিতে এসে নির্দিষ্ট গোপনীয় কক্ষে বসে প্রশ্ন প্রণয়ন করতে হয়। সেই প্রশ্ন সিলগালা করে সরাসরি সদস্যের কাছে জমা দেওয়া হয় এবং তা ওইদিনেই ভল্টে সংরক্ষিত হয়। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষগুলো সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ফেরাতে চালু করা হয়েছে সার্কুলার পদ্ধতি। এর ফলে পরীক্ষকদের পক্ষে উত্তরপত্র বাসায় নেওয়ার সুযোগ নেই; নির্দিষ্ট টিমের মাধ্যমে পিএসসিতে এসেই খাতা মূল্যায়ন করতে হয়। আবেদন থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি অটোমেশনের আওতায় আনা হয়েছে এবং ওএমআর মেশিনের মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হচ্ছে। ভাইভা পরীক্ষার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে, যেখানে পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে প্রার্থী এবং পরীক্ষা বোর্ড নির্ধারণ করা হয়। আগে থেকে কোনো তথ্য জানার সুযোগ না থাকায় মৌখিক পরীক্ষার স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে সংসদে জানানো হয়।