
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিরাপত্তার হুমকির মুখে খুলনা ও ঢাকার মধ্যে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী শুক্রবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বন্ধ রাখা হয়।
খুলনা স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জে থানা ও সাবেক সংসদ সদস্যের বাসভবনে অগ্নিসংযোগের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের তৎপরতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ হয়ে ঢাকা ও খুলনামুখী সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
যাত্রীদের দুর্ভোগ কমাতে ট্রেনের টিকিট ফেরত নেওয়ার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যেসব যাত্রী অনলাইনে টিকিট কেটেছিলেন, তারা অনলাইনে লগইন করে এবং যারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেছিলেন, তারা টিকিট জমা দিয়ে পুরো টাকা ফেরত নিতে পারবেন। এ বিষয়ে যাত্রীদের নিবন্ধিত মোবাইল নম্বরে ইতোমধ্যে বার্তা পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার।