
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট মাছ বাজারে আজ মঙ্গলবার সকালে এক বিরল দৃশ্য দেখা গেছে। পদ্মা নদীতে জেলে হারুন-অর রশিদের জালে ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ এবং ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙাশ ধরা পড়ে। পরে মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে যাওয়া হয়।
নিলামে মাছ দুটি কিনে নেন স্থানীয় ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। এরপর তিনি মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিনের বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে যথাক্রমে ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন। সবশেষে মাছ দুটি প্রবাসীর কাছে পাঠিয়ে দেওয়া হয়।
মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে এত বড় ইলিশ তিনি প্রথমবার দেখলেন। এ ধরনের বড় ইলিশ এ বছর তার জানামতে আর ধরা পড়েনি। স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরাও ভোরে বড় এই মাছ দুটি দেখে অবাক হয়েছেন। এটি জেলেদের জন্য একটি আনন্দের খবর বলেও স্থানীয়রা মন্তব্য করেন।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হকের মতে, ভোলা বা পটুয়াখালীর দিকে মাঝেমধ্যে বড় ইলিশ পাওয়ার খবর পাওয়া গেলেও রাজবাড়ী অঞ্চলে এমন ইলিশ সচরাচর দেখা যায় না। এর আগেও এই এলাকায় এত বড় ইলিশ ধরার তেমন রেকর্ড নেই। নদীতে পর্যাপ্ত গভীরতা এবং পানির স্রোত থাকলে বড় ইলিশের দেখা পাওয়ার সম্ভাবনা থাকে বলে তিনি জানিয়েছেন।