
কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, নৌ-অবরোধ এবং স্থলবাণিজ্যে প্রতিবন্ধকতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কায় ইরান এক ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি। দেশটির সরকার এখন তেল রপ্তানি থেকে কার্যত শূন্য আয় ধরে আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। পরিকল্পনা ও বাজেট সংস্থার উপপ্রধান মোহাম্মদ ঘাসেমি জানিয়েছেন, তেল থেকে আয় শূন্যে নেমে আসার মতো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও তেলবহির্ভূত রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জি-৭-এর প্রতিনিধিদের জানিয়েছেন, ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ ও স্থলসীমান্তের বিধিনিষেধগুলো অনির্দিষ্টকাল অব্যাহত থাকতে পারে।
তার দাবি, ইরানের অর্থনীতি পতনের মুখে এবং আগামী এক থেকে তিন মাসের মধ্যে পরিস্থিতির অবনতি আরও তীব্র হতে পারে। মার্কিন অর্থ বিভাগের ভাষ্যমতে, গত ২৫ আগস্টের পর থেকে ইরান কোনো জাহাজে তেল বোঝাই করতে পারেনি। এছাড়া দেশটির তেল উৎপাদন কমে দৈনিক দুই মিলিয়ন ব্যারেলের নিচে নেমে এসেছে বলে কেপলারের তথ্যে জানা গেছে। মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, অবরোধ কার্যকর করার প্রক্রিয়ায় তারা ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন এবং পাঁচটি জাহাজ অচল করে দিয়েছে। তবে এসব উদ্যোগ স্বল্প মেয়াদে তেলের আয়ের বিকল্প হতে পারবে না।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন যে, তার সরকার দীর্ঘমেয়াদী এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে। তবে তিনি স্বীকার করেছেন, দেশের জন্য এই 'যুদ্ধও নয়, শান্তিও নয়' এমন পরিস্থিতি অত্যন্ত ক্ষতিকর। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি আয়ের প্রায় এক-তৃতীয়াংশ তেলনির্ভর, যা বর্তমানে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২২ অক্টোবর শেষ হওয়া মাসে বার্ষিক মূল্যস্ফীতি ৮৯ শতাংশে পৌঁছেছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগামী বছরের বাজেটের জন্য দুটি সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়েছে।
তেহরানভিত্তিক অর্থনীতিবিদ আইজ্যাক সাইদিয়ান সতর্ক করেছেন যে, তেলের আয় বন্ধ হয়ে গেলে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট দেখা দেবে। এর ফলে সরকারি কর্মকর্তাদের বেতন ও পেনশন প্রদান, নিত্যপণ্যের সরবরাহ বজায় রাখা এবং জাতীয় মুদ্রার মান ধরে রাখা অসম্ভব হয়ে পড়তে পারে। এছাড়া বাজেট ঘাটতি থেকে মূল্যস্ফীতি আরও বৃদ্ধির ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, সাময়িকভাবে ব্যয় সংকোচন বা বাজেট সংস্কারে পরিস্থিতি কিছুটা সামলানো গেলেও, দীর্ঘমেয়াদে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ ছাড়া অর্থনীতি পুনরুজ্জীবিত করা সম্ভব নয়।
অর্থনীতিবিদদের পরামর্শ অনুযায়ী, সংকট মোকাবিলায় অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস, কর ফাঁকি রোধ, কর অব্যাহতি সংস্কার এবং সরকারি সম্পদ বিক্রির পথ খোলা রাখা প্রয়োজন। সরকার ইতিমধ্যে জ্বালানি ভর্তুকি কমানোর পরিকল্পনা করছে, যদিও এতে পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ার শঙ্কা রয়েছে। এই চাপ কমাতে পরিবারগুলোকে ইলেকট্রনিক খাদ্য কুপন দেওয়ার কর্মসূচি চলমান থাকবে বলে জানানো হয়েছে।
ইরানি কর্তৃপক্ষ অবশ্য পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়েছে। তাদের দাবি, তারা পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে অবরোধ ভাঙার কৌশল গ্রহণ করবে। তবে ঠিক কী উপায়ে তা সম্ভব হবে, সে বিষয়ে বিস্তারিত স্পষ্ট করা হয়নি। সাইদিয়ানের মতে, সবচেয়ে বড় ঝুঁকি হলো সংকটের পুরো বোঝা সাধারণ মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া, যা দারিদ্র্য বাড়িয়ে মধ্যবিত্ত শ্রেণিকে দুর্বল করে ফেলবে এবং উৎপাদন সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এর জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানোও গুরুত্বপূর্ণ।