
দেড় বছরের বেশি সময় ধরে বাংলাদেশের জার্সিতে খেলা হামজা চৌধুরী পরিচিত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে। তবে জাতীয় দলের হয়ে তার সাম্প্রতিক পারফরম্যান্স বলছে অন্য কথা। ২০২৫ সালের মার্চ থেকে এখন পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন এই ফুটবলার। এর মধ্যে তার নামের পাশে যোগ হয়েছে চারটি গোল ও একটি অ্যাসিস্ট। ঘরের মাঠে খেলা শেষ পাঁচ ম্যাচের চারটিতেই গোল করে সমর্থকদের নজরে এসেছেন তিনি। ফ্রিকিকসহ বিভিন্ন পজিশন থেকে গোল করার নৈপুণ্য দেখিয়ে হামজা কার্যত ‘স্ট্রাইকার’ হয়ে উঠেছেন। ২০২৫ সালের মার্চ থেকে বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন হামজা। এ পজিশন ছেড়ে তার অন্য ভূমিকায় যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলাদেশ দলে এখন মূল স্ট্রাইকার বা ‘নাম্বার নাইন’-এর তীব্র সংকট রয়েছে। এই অভাব পূরণে কোচ থমাস ডুলি অনেক সময় রক্ষণভাগের খেলোয়াড়দের আক্রমণভাগে খেলিয়ে সমালোচনার মুখে পড়েন। সাফে ভুটানের বিপক্ষে ম্যাচে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে খেলানোর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এখন প্রশ্ন উঠেছে, হামজাকে কি স্থায়ীভাবে স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা হবে? তবে হামজা মূলত একজন পেশাদার খেলোয়াড়, যিনি দীর্ঘসময় ধরে মিডফিল্ডে খেলে অভ্যস্ত। স্ট্রাইকার পজিশনে খেলার অভিজ্ঞতা তার নেই এবং এই অবস্থানে তিনি কতটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেটিও বড় প্রশ্ন। সেই আলোচিত পজিশনে কি এবার হামজাকে দেখা যেতে পারে। তাছাড়া গত ম্যাচে ইব্রাহিমও গোল করেছেন।
এ বিষয়ে নিজের মতামত দিয়েছেন ২০০৩ সালের সাফজয়ী স্ট্রাইকার আলফাজ আহমেদ। তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, হামজাকে স্ট্রাইকার হিসেবে খেলানো ঠিক হবে না। আলফাজের মতে, হামজা মিডফিল্ডেই সেরা এবং মাঠের নিয়ন্ত্রণ ধরে রাখতে তাকে সেখানেই খেলানো উচিত। তিনি বলেন, 'প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাক ব্যর্থ করে মাঠের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে হামজা অতুলনীয়। সে ফ্রিকিক ও কর্নার থেকে গোল করতে দক্ষ, কিন্তু স্ট্রাইকার হিসেবে খেলতে হলে নির্দিষ্ট অভ্যস্ততার প্রয়োজন।' আলফাজের মতে, হামজা আসায় দলের স্পিড বহুগুণে বেড়ে যাবে।
দলের স্ট্রাইকার সংকট কাটাতে আলফাজ বিকল্প হিসেবে রাকিবকে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'আমি কোচ হলে রাকিবকে স্ট্রাইকার হিসেবে খেলাতাম। এছাড়া ইব্রাহিম ও সুকিও ওই পজিশনে খেলার জন্য অভিজ্ঞ। দলে অনেক বিকল্প রয়েছে, এখন দেখার বিষয় কোচ কাকে চূড়ান্তভাবে খেলান।' আলফাজের ভাষ্যমতে, হামজার উপস্থিতি বাংলাদেশ দলের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি প্রতিপক্ষ দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে হামজা যে পজিশনেই খেলুন না কেন, জয় তুলে নেওয়াই বাংলাদেশের মূল লক্ষ্য। কোচ চাইলেও ওই পজিশনে খেলতে হামজার রাজি হওয়ার ব্যাপার আছে।