
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও কারিগরি সহায়তা চেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় সহনশীল বায়ুবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন এবং জলবায়ু অভিযোজন কার্যক্রমে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের সাইডলাইনে ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক ডায়না অ্যাকোনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রতিমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরে জানান, আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ খাত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সময়ের মধ্যে পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর নেতিবাচক প্রভাব কাটাতে ২৫ কোটি চারা গাছ রোপণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার ৩৫ থেকে ৪০ শতাংশ হবে ম্যানগ্রোভ প্রজাতির। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বৈদ্যুতিক বাস প্রবর্তন এবং ইটভাটার দূষণ নিয়ন্ত্রণের বিভিন্ন উদ্যোগের বিষয়েও ইইউ প্রতিনিধিকে অবহিত করেন তিনি।
উপকূলীয় এলাকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, লবণাক্ততা বৃদ্ধি এবং নিরাপদ খাবার পানির অভাব সেখানকার জনজীবনের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সংকট কাটিয়ে উঠতে উন্নত প্রযুক্তি ও জলবায়ু তহবিলের অর্থায়ন প্রয়োজন। জবাবে ইইউ প্রতিনিধি জানান, জলবায়ু অর্থায়নে বার্ষিক ১০০ বিলিয়ন মার্কিন ডলারের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং এখন ৩০০ বিলিয়ন ডলারের নতুন লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করছেন। এছাড়া ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ইইউর বহিঃবাজেটে জলবায়ু ও জীববৈচিত্র্য সুরক্ষায় ৫০ শতাংশ বরাদ্দ রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
ইইউর পক্ষ থেকে জানানো হয়, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) পরামর্শ সহায়তা কার্যক্রমে বাংলাদেশ অন্যতম নির্বাচিত দেশ। এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু অভিযোজন খাতে বিনিয়োগযোগ্য প্রকল্প প্রস্তুতে সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ও রেল যোগাযোগব্যবস্থার বিদ্যুতায়নে ইইউ সহযোগিতা অব্যাহত রেখেছে। উপকূলীয় ও সমুদ্রভিত্তিক বায়ুবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবগুলো ব্রাসেলসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং ইউরোপীয় কোম্পানিগুলোর বিনিয়োগ সম্ভাবনা যাচাইয়ের আশ্বাস দেন ডায়না অ্যাকোনিয়া। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর অভিযোজন প্রকল্পের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। পাশাপাশি ইউরোপীয় কোম্পানিগুলোর অংশগ্রহণ এবং ইইউর গ্যারান্টি ব্যবস্থার আওতায় বিনিয়োগ ও অর্থায়নের সম্ভাবনাও খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে জলবায়ু অর্থায়ন, পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা এবং পরিবেশ দূষণ রোধসহ অভিযোজন কার্যক্রমে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। আগামী দিনে আলোচনার অগ্রগতি পর্যালোচনা এবং সমন্বয় বজায় রাখার জন্য ঢাকায় ইইউ প্রতিনিধিদলের মাধ্যমে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়েছে।