
সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের সহযোদ্ধা নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফ্যাসিবাদবিরোধী শক্তিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। সাম্প্রতিক এক ভিডিও বার্তায় তিনি জুলাই আন্দোলনের এই সহযোদ্ধার পাশে দাঁড়িয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
ভিডিওতে আবিদুল ইসলাম নুসরাতকে নিজের বোন ও সহযোদ্ধা হিসেবে অভিহিত করে বলেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে তারা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন। তবে ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন পক্ষের মধ্যে পারস্পরিক দোষারোপ ও ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই অভ্যন্তরীণ বিবাদের সুযোগ নিয়ে পরাজিত স্বৈরাচারী শক্তি আবারও ককটেল বিস্ফোরণ ও হামলার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর সাহস পাচ্ছে। কিন্তু ৫ আগস্টের পর ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়েছে।
আবিদুল ইসলামের মতে, প্রায় দুই হাজার শহীদের আত্মত্যাগ এবং ২৫ হাজারেরও বেশি ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, তা বর্তমান সরকার ও বিরোধী দলের রাজনীতির ভিত্তি। তিনি বলেন, অভ্যন্তরীণ কলহে লিপ্ত হয়ে সেই আত্মত্যাগের কথা ভুলে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। এ সময় তিনি হাসিবের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘মিডিয়া মব ও সন্ত্রাস’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি মনে করেন, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত কৌশল।
সবশেষে ঢাবি ছাত্রদলের এই নেতা আক্ষেপ করে বলেন, গণঅভ্যুত্থানের পক্ষের অনেকেই আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় বর্তমানে এমন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর প্রায়শ্চিত্ত এখন সবাইকে করতে হচ্ছে। সময় থাকতে ফ্যাসিবাদবিরোধী শক্তি একজোট হতে না পারলে অদূর ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।