
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০টি যানবাহন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ির মধ্যে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক এবং দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক রয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজ নির্বাচনি এলাকায় ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন। তার গাড়িবহরে থাকা দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন এবং সুস্থ রয়েছেন বলে জানা গেছে। তবে এই দুর্ঘটনায় রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। এমপির গাড়িও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বরইতলা এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও বাসের মুখোমুখি সংঘর্ষের পর পেছনে থাকা অন্য যানবাহনগুলো একের পর এক নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছেন। ওসি জানান, গুরুত্বর আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।