
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার সকাল ৮টার পর থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। বিশেষ করে লঞ্চঘাট, পুলিশ লাইন এবং এর আশপাশের এলাকায় বেশ কিছু দোকানপাট খোলা হয়েছে। ধীরে ধীরে যানবাহন ও লোকসমাগমও বাড়ছে, তবে শহরজুড়ে এখনো একধরনের সুনসান নীরবতা ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।
স্বাভাবিক সময়ের তুলনায় সড়কে মানুষের উপস্থিতি অনেক কম। জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছেন না। শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি ও টহল অব্যাহত রয়েছে এবং বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভাষ্যমতে, তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন এবং গোপালগঞ্জ সদরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছেন। মানুষের মধ্যে বিরাজ করছে চাপা উদ্বেগ, রাস্তাঘাটেও নেই স্বাভাবিক সময়ের মতো জনসমাগম।
আতঙ্ক ও অনিশ্চয়তা কাটিয়ে জনজীবন কিছুটা ছন্দে ফেরার চেষ্টা করলেও সাধারণ মানুষের মনে এখনো আতঙ্ক কাটেনি। দোকানপাট খুললেও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখনো দেখা যাচ্ছে না। স্থানীয়দের মতে, শহরের জনজীবন পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। তবে জনজীবনে এখনো কাটেনি আতঙ্কের রেশ।