
খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে মো. জাকির হোসেন (৪৩) নামের এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি রূপসার ৪ নম্বর টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা ও আবদুল জলিল শেখের ছেলে। পেশায় ইট-বালুর ব্যবসায়ী জাকির ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাগেরহাটের ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই ব্যক্তি এসে হীরকের দোকানের সামনে থামেন। এ সময় ওই দোকানেই বসেছিলেন জাকির হোসেন। মোটরসাইকেল থেকে নেমে একজন দোকানে ঢুকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কার্যক্রম চলছে।