
মাদারীপুরের কালকিনিতে প্রথমবারের মতো ব্যালট বক্সের মাধ্যমে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন এবং কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার সুদীপ বিশ্বাস। ভোট গণনা শেষে বিকেল ৩টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে পত্রিকার কালকিনি ও ডাসার উপজেলা প্রতিনিধি খন্দকার শামীম হোসাইন সভাপতি পদে ১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের আশরাফুর রহমান হাকিম ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি চ্যানেল এস টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম সবুজকে কোষাধ্যক্ষ করে ১৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক সংগঠনের ইতিহাসে এই প্রথম কালকিনিতে ব্যালট পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়ভাবে ফলাফলের বিষয়টি বেশ প্রশংসিত হয়েছে। নির্বাচনে জেলা ও উপজেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।