
‘বদলাপুর’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’, ‘অন্ধা ধুন’, ‘স্যাক্রেড গেমস’ কিংবা ‘লাস্ট স্টোরিজ’-এর মতো চলচ্চিত্র ও সিরিজে বৈচিত্র্যময় সব চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে নিজের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছেন রাধিকা আপ্তে। প্রায় দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে সাবলীল অভিনয়ে প্রশংসিত এই অভিনেত্রীকে এবার দেখা যাচ্ছে নেটফ্লিক্সের নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’-তে। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি অভিনয়জীবনের অনিশ্চয়তা, কাজ হারানোর ভীতি, মাতৃত্বের অভিজ্ঞতা ও নতুন সিরিজের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন।
কাজের দুনিয়ায় টিকে থাকার লড়াইয়ে রাধিকা একসময় যেকোনো মূল্যে কাজ করতে আগ্রহী ছিলেন। সুযোগ হাতছাড়া হওয়ার ভয়ে অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে পারেননি, এমনকি অনেক ক্ষেত্রে পারিশ্রমিক ছাড়াই কাজ করেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁর মানসিকতায় ব্যাপক পরিবর্তন এসেছে। রাধিকার ভাষ্যমতে, তাঁর ভেতরের সেই আগের তীব্র ক্ষুধা এখন আর নেই। তিনি মনে করেন, বিষয়টি ইতিবাচক, কারণ ক্যারিয়ারের শুরুতে সেই অস্থিরতার তাড়নায় অনেক কাজই করেছেন যা তিনি এখন আর করতে চান না। বর্তমানে কোনো কাজকে সহজেই ‘না’ বলার সক্ষমতা তিনি অর্জন করেছেন।
অভিনয়ের প্রতি ভালোবাসা অটুট থাকলেও অতীতের সেই অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করেছেন তিনি। রাধিকার মতে, এই ইন্ডাস্ট্রিতে কাজের কোনো স্থায়ী নিশ্চয়তা নেই এবং নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য সবসময় একধরনের অদৃশ্য চাপ থাকে। আগে কোনো কাজ ফিরিয়ে দেওয়ার পর সেটি সফল হলে ক্যারিয়ারের ক্ষতি হবে কি না, তা নিয়ে নিয়মিত দুশ্চিন্তা করতেন। তবে এখন সেই ভয় আর তাঁকে কাবু করতে পারে না।
মাতৃত্বের পর জীবন ও কাজের প্রতি রাধিকার দৃষ্টিভঙ্গিতে এসেছে বড় পরিবর্তন। আগে ভেবেছিলেন সন্তান জন্মের পরও আগের গতিতে কাজ চালিয়ে যাবেন, এমনকি সন্তান হওয়ার এক সপ্তাহের মাথায় কাজে ফেরার পরিকল্পনাও ছিল। কিন্তু বাস্তব অভিজ্ঞতায় তিনি নতুন করে শিখতে পেরেছেন। রাধিকা জানান, যদি আবার সেই সময়ে ফিরে যাওয়ার সুযোগ পেতেন বা দ্বিতীয়বার মা হতেন, তবে সন্তান লালন-পালনের জন্য কাজ থেকে লম্বা বিরতি নিতেন। তিনি মনে করেন, সন্তানের বেড়ে ওঠার মুহূর্তগুলো খুব দ্রুত পার হয়ে যায় এবং একই সঙ্গে পেশাগত দায়িত্ব ও মাতৃত্বের চাপ সামলানো অত্যন্ত ক্লান্তিকর। মাতৃত্বের পর নিজের শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় দুই বছর সময় লেগেছে জানিয়ে রাধিকা প্রশ্ন রাখেন, সবকিছু একসঙ্গে করার চেষ্টা করে নিজেকে এভাবে ক্লান্ত করার প্রয়োজন কী ছিল?
নতুন সিরিজ ‘আক্কা’ প্রসঙ্গে তিনি জানান, এটি মূলত উত্তরাধিকার ও ক্ষমতার লড়াইয়ের গল্প। বাস্তব জীবনে কখন নিজেকে শক্তিশালী মনে করেন এমন প্রশ্নের উত্তরে রাধিকা বলেন, নিজের জন্য কথা বলা এবং প্রয়োজনের মুহূর্তে কাজকে ‘না’ বলতে পারলেই তিনি প্রকৃত শক্তি অনুভব করেন। অতীতে অনেক ক্ষেত্রে অনিচ্ছা সত্ত্বেও কাজ করেছেন, যা তাকে মানসিক অস্বস্তিতে ফেলত। বর্তমানে সেই সাহসিকতা অর্জন করতে পেরে তিনি অন্যরকম আত্মবিশ্বাস পাচ্ছেন।
সাক্ষাৎকারে অভিনেতা টাইগার শ্রফের ওপর হামলার ঘটনাটিরও নিন্দা জানান তিনি। রাধিকা স্পষ্ট ভাষায় বলেন, কারো ওপর অস্ত্র তুলে গুলি করার মতো ঘটনা তিনি কোনোভাবেই সমর্থন করেন না এবং সব ধরনের সহিংসতার তিনি বিরোধী। সিরিজটিতে গ্যাংস্টারদের দ্বন্দ্ব ও সংঘাত থাকলেও, রাধিকার মতে এটি কেবল দর্শকদের চমকে দেওয়ার জন্য নয়, বরং গল্পের প্রয়োজনেই এসেছে। শেষ পর্যন্ত নিজের নতুন এই স্টাইলিশ ও আকর্ষণীয় চরিত্রটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত।