
সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতির মুখে শনিবার সকাল থেকে আশুলিয়ার ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অনেক কারখানার ফটকে বন্ধের নোটিসও ঝুলিয়ে দেওয়া হয়েছে।
কারখানা বন্ধের পাশাপাশি আরও ৮টি পোশাক কারখানায় একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্ধ হওয়া কারখানাগুলোর তালিকায় রয়েছে ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।