
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি রাজপথে সক্রিয় থাকবে বিএনপি। রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির পক্ষ থেকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগ গোপনে প্রতিবেশী দেশ থেকে ইন্ধন নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেওয়া এবং তৈরি পোশাক শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তিনি দাবি করেন, দলের মালিকানাধীন গার্মেন্টসগুলোতে শ্রমিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে। তবে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন সফল হবে না বলে উল্লেখ করেন তিনি। বিএনপি নেতা জানান, নাশকতাকারীরা প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে।
পতিত শেখ হাসিনার বিচারের বিষয়ে রিজভী বলেন, ইতোমধ্যে তার দণ্ড হয়েছে। তিনি যদি কোনোভাবে দেশে ফিরে আসেন, তবে সেই দণ্ড কার্যকর করা হবে।