
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) অভ্যন্তরীণ যোগাযোগের অত্যন্ত সুরক্ষিত ও গোপনীয় নেটওয়ার্ক ‘এনএসএ নেট’ অচল হয়ে পড়েছে। মঙ্গলবার সিএনএন-এর প্রতিবেদনে ছয়টি সূত্রের বরাতে জানানো হয়, এই নেটওয়ার্ক অচল হওয়ার ফলে গোয়েন্দা সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য বিনিময়ে বাধার মুখে পড়েছেন। কর্তৃপক্ষ বর্তমানে বিভ্রাটের প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে। তবে এনএসএ-তে কোনো ধরনের সাইবার হামলার আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ছয়টি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
এই কারিগরি বিপর্যয় নিয়ে উদ্বেগ তৈরি হলেও একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পাঠানোর সক্ষমতায় কোনো প্রভাব পড়বে না। বর্তমানে এশিয়া সফরে থাকা প্রেসিডেন্ট ফিলিপাইনে অবস্থান করছেন এবং বুধবার তার চীন সফরে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য একাধিক বিকল্প সুরক্ষিত নেটওয়ার্ক ও ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বড় বড় প্রতিষ্ঠানের একের পর এক প্রযুক্তিগত ত্রুটির ঘটনা জনমনে অস্বস্তি বাড়িয়েছে। এর আগে গত শুক্রবার একটি যান্ত্রিক গোলযোগের কারণে মার্কিন বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। আরকানসাসের একটি রাউটারে ত্রুটির ফলে কয়েক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত ও হাজার হাজার ফ্লাইট বাতিল করতে হয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনকে। পরে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটির কারণে এই সমস্যা হয়েছিল।
এর পরপরই মাইক্রোসফটের আরেকটি প্রযুক্তিগত বিপর্যয়ে বিশ্বজুড়ে আউটলুক ও টিমস সেবা বিঘ্নিত হয়। এই ঘটনাগুলোর কোনোটির সঙ্গেই সাইবার আক্রমণের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এনএসএ-এর মতো অত্যন্ত সংবেদনশীল গোয়েন্দা নেটওয়ার্কের এই বিভ্রাটকে কেন্দ্র করে দেশটির সামগ্রিক সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।